বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) দেখা মিলল সাদ্দাম হোসেনের


সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) দেখা মিলল সাদ্দাম হোসেনের (২৮)। ডান হাতটা কনুইয়ের নিচে থেকে নেই। কাটা জায়গাটা শুকিয়ে গেছে। তবে ডান পায়ে এখনো ব্যান্ডেজ। বালিশের ওপরে একটা বই খুলে রাখা। স্নাতকোত্তর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি।টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি সাদ্দামের। দরিদ্র পরিবারের ছেলে হলেও লেখাপড়া চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা ছিল। উচ্চমাধ্যমিক পাস করে টঙ্গী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে স্নাতকে (সম্মান) ভর্তি হন। স্নাতক শেষ করে একই কলেজে করছেন স্নাতকোত্তর। এর মাঝেই পেয়ে যান একটি চাকরি। গত ১ এপ্রিল থেকে মাসিক ১০ হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাভার এলাকায় বিক্রয় প্রতিনিধি হিসেবে যোগ দেন। রানা প্লাজার পাশে তিনতলা ভবনে ছিল তাঁর অফিস। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে তিনতলা এ ভবনটিও গুঁড়িয়ে যায়। সাদ্দাম চাপা পড়েন তার নিচে।সাদ্দাম হোসেন বলেন, ২৪ এপ্রিল সকালে রোজকার মতো অফিসে হাজির হন। সেখানে সব মিলিয়ে ২৩ জন ছিলেন। নয়টা বাজার কিছু আগে হঠাৎ ভবনটা কেঁপে উঠল। তাঁরা ভাবলেন ভূমিকম্প। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ভবনটি ভেঙে পড়ে। তিনজন ঘটনাস্থলেই মারা যান।সাদ্দাম জানান, তাঁর দুই পা ও ডান হাত কংক্রিটের নিচ চাপা পড়ে।
 তিনি নিজে বাঁ পা’টা মুক্ত করেন, উদ্ধারকর্মীরা ডান পা’টা বের করে আনেন। উদ্ধারকারীরা যখন তাঁকে টেনে বের করার চেষ্টা করছেন, তখন ডান হাতটাও আটকে ছিল। উদ্ধার পাওয়ার পর সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণার পরও বেঁচে থাকাটাকে ভাগ্য বলে মনে করেন সাদ্দাম হোসেন। কিন্তু পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচারের পর যখন প্রথমবারের মতো দেখলেন ডান হাতটা নেই, তখন আর নিজেকে ঠিক রাখতে পারছিলেন না। বললেন, ‘হাতের অবস্থা দেখে একেবারেই ভেঙে পড়ি।’ কিন্তু আবার জীবনের পথে পা বাড়িয়েছেন সাদ্দাম। ২২ জুন থেকে শুরু হওয়া স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিচ্ছেন। একজন তাঁর হয়ে খাতায় লিখেছেন, পাশে বসে বলেছেন সাদ্দাম। ইতিমধ্যে চারটি পরীক্ষা শেষ হয়েছে। ৫ আগস্ট সর্বশেষ লিখিত পরীক্ষা। বন্ধুদের সহায়তায় সিআরপি থেকে গিয়ে টঙ্গীতে থাকেন তিনি। সেখান থেকে গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজে পরীক্ষা কেন্দ্রেও যান বন্ধুদের সহায়তায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷